মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা উদ্ধার ও সফলভাবে নিষ্ক্রিয়

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচতলার রাস্তা সংলগ্ন এলাকা থেকে দুটি বোমা উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল টিম। আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে থাকা ডিজেল জেনারেটর রুমের পাশ থেকে বোমাসদৃশ বস্তুদুটি শনাক্ত করা হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টার দিকে ডিজেল জেনারেটর রুমের পাশে একটি পরিত্যক্ত ছাতা ও বালতি দেখতে পান সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। ওই সময় ছাতাটির ভেতরে আলো জ্বলতে থাকায় বস্তুটিকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয়। পরিস্থিতি বিবেচনায় আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন কন্ট্রোলার এবং এমআরটি পুলিশকে অবহিত করেন।

সংবাদ পাওয়ার পর মতিঝিল থানা-পুলিশ, এমআরটি পুলিশ এবং আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা কর্ডন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরীক্ষা শেষে টিমটি দুটি শক্তিশালী বোমা শনাক্ত করে এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে দুটি বোমাই নিষ্ক্রিয় করে।

ঘটনার সময় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক স্বয়ং উপস্থিত থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় মেট্রোরেলের সার্বিক পরিচালনা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি; নিরবচ্ছিন্নভাবেই চলেছে ট্রেন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *