মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা প্রদেশে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ১১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো-থেকে-আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রেনটি লাইনচ্যুত হয়ে আল-আইয়াত জেলার একটি গ্রামীণ সড়কে পড়ে যায়।
মিসরীয় রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে।
দুর্ঘটনাস্থলে উদ্ধার ও স্থানান্তরের কাজে ৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স অংশ নেয় এবং হতাহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিসরের আগের ট্রেন দুর্ঘটনাগুলো
যে আল-আইয়াত এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেখানেই মিসরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল।
২০০২ সালে কায়রোর দক্ষিণে ছুটি কাটাতে যাওয়া যাত্রীদের বহনকারী একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। পরবর্তীতে ২০০৯ সালেও এই এলাকায় একাধিক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে।
মিসরের ১১ কোটি মানুষ যাতায়াতের জন্য প্রধানত রেল পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তবে আফ্রিকা মহাদেশের অন্যতম বৃহৎ এই রেল নেটওয়ার্কটির আধুনিকীকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
গত এক দশকে মিসর নতুন হাইওয়ে ও হাই-স্পিড রেললাইনসহ তাদের যোগাযোগ অবকাঠামোর আধুনিকীকরণে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, তবে তাদের পুরনো অনেক ট্রেন সার্ভিসের সংস্কার কাজ এখনও বাকি রয়েছে।