সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি, তিনি তার পদত্যাগপত্রে যে ন্যারেটিভ টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন, যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন সেই অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

এনসিপিনেতা আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিন চুপ্পু একজন ফ্যাসিবাদের দোসর, একজন ফ্যাসিস্ট। সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।

সরকারের কাছে দাবি জানিয়ে আখতার হোসেন আরও বলেন, এতদিন পর্যন্ত হয়ত এই সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু, তিনি পদত্যাগ করামাত্র তার ব্যাপারে আইনগত ইনডেমনিটির কোনো জায়গা নেই। তার দায়মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *