বাস-ট্রাক সংঘর্ষে আহত ৪০, কাটা পড়ল ট্রাকচালকের পা 

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে রডবোঝাই একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) সকালের দিকে মধুখালী পৌরসভার মরিচবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মরিচবাজার এলাকার সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির মাঝবরাবর সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৪০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গন্তব্যে পাঠানো হয়। 

এদিকে সংঘর্ষের পর ট্রাকচালক ট্রাকের ক্যাবিনের ভেতরে আটকে পড়েন। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তার একটি পা কেটে ফেলতে হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *