সাময়িক লকডাউনে হোয়াইট হাউস, ভেতরে ছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ঠিক বিপরীতে লাফায়েট স্কয়ারে একটি গাড়ি সাইনবোর্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে হোয়াইট হাউসকে সাময়িকভাবে লকডাউন করা হয়। দুর্ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) এ ঘটনায় সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের সদস্যরা ধস্তাধস্তির পর গাড়িচালককে আটক করতে সক্ষম হন। খবর ইন্ডিয়া টুডের।
ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি রুপালি রঙের সেডান গাড়ি লাফায়েট স্কয়ারের উত্তর প্রান্তের সংরক্ষিত বাঁধানো স্থানে উঠে গিয়ে একটি সাইনপোস্টে আঘাত করে। ‘দ্য ওয়াশিংটন সান’-এর এক সাংবাদিকের ধারণ করা এ ভিডিওতে আরও দেখা যায়, গাড়িচালক ধোঁয়া বের হতে থাকা গাড়িটি থেকে বেরিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে মারামারি শুরু করেন।
স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে মার্কিন সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের প্রেস কোরের সদস্যদের ভেতরে গিয়ে অবস্থান করতে বলে। এ সময় নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করেন।
নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পর গাড়িচালককে হেফাজতে নেওয়া হয়। তবে চালকের পরিচয়, দুর্ঘটনার পরিস্থিতি বা এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না—সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
লাফায়েট স্কয়ারটি হোয়াইট হাউসের ঠিক বিপরীতে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের পাশে অবস্থিত এবং এটি হোয়াইট হাউসের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। এই দুর্ঘটনার ফলে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং হোয়াইট হাউসের চারপাশে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।
কেউ আহত হয়েছেন কি না কিংবা দুর্ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না—এসবসহ ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।