ইরানের পারমাণবিক কর্মসূচি ও চলমান সংঘাত থেকে সমাধানের পথ খুঁজতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মতপার্থক্য নিরসন এবং শান্তি প্রস্তাব পর্যালোচনায় স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা শেখ মোহাম্মদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও বৈঠকের কথা রয়েছে। অন্যদিকে, ট্রাম্প কর্তৃক পুনরায় পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসনের সতর্কবার্তার পর ইরানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে।
ইরানের সর্বশেষ অবস্থান ও আলোচনার পূর্বশর্ত
কাতার মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে একটি নতুন পারমাণবিক ও শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে ওয়াশিংটন তেহরানের দেওয়া সাতটি পূর্বশর্ত পূরণ করলেই কেবল এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে।
মার্কিন প্রশাসন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই মূল শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনায় বসতে রাজি নয় তেহরান।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরানের কাছে এখন ৪৪০.৯ কেজি বা ৯৭২ পাউন্ড ইউরেনিয়াম আছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজন হয়, ফলে ইরানের বর্তমান ইউরেনিয়ামটি তার খুব কাছাকাছি রয়েছে। মূলত ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক চুক্তি বাতিল করার পর থেকেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এই মাত্রা বাড়িয়ে দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার (৮ নভেম্বর) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে ইরান ‘জাহান্নামের আগুন বর্ষণ করবে’। গত মাসে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের দুদিনের প্রস্তাবটি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ঘোষিত সাত দিনের রূপরেখা ও কাতারের মধ্যস্থতাকারীদের সহযোগিতায় তৈরি।
এই প্রস্তাব অনুযায়ী- প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে ও আন্তর্জাতিক নৌচলাচল পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ইরানের ৭ দফা দাবি
জুন মাসে পাকিস্তানে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলের পর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো, ছাড়পত্র অনুযায়ী তেল বিক্রির সুবিধা পুনর্বহাল, কাতারে থাকা অবরুদ্ধ ইরানি তহবিল ছাড় করা, ওমান ও ইরানের নির্ধারিত নতুন নৌপথকে স্বীকৃতি দিয়ে অন্যান্য পথ বন্ধ করা এবং লেবাননসহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধের মাধ্যমে সার্বিক যুদ্ধের অবসান-এসবই ছিল ইরানের মূল দাবি।
গত সপ্তাহে ১২টি আঞ্চলিক দেশের পররাষ্ট্রমীদের সঙ্গে বৈঠকে অঞ্চলভিত্তিক নিজস্ব নিরাপত্তা বলয় তৈরির আহ্বান জানান আরাঘচি। ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাই শনিবার (৭ নভেম্বর) ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘যুদ্ধ শুরু করলে বিধ্বংসী জবাবের মুখে পড়বেন’।
ট্রাম্প ও মার্কো রুবিও কী বলছেন?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, সামরিক হামলা শুরু হলে ইরানে অতিরিক্ত লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে রাখা হয়েছে। তবে একটি মজবুত চুক্তি হলে নতুন আক্রমণের সম্ভাবনা ‘একদমই কম’।
হোয়াইট হাউসে আলোচনা অনেক দূর এগিয়েছে উল্লেখ করে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ নিতে আগ্রহী।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, আলোচনায় আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হয়নি। ট্রাম্প কূটনীতি পছন্দ করলেও ইরানের শর্তগুলো ‘অবাস্তব, অগ্রহণযোগ্য ও হাস্যকর’। ফলে চুক্তি সাক্ষাতের খুব কাছাকাছি পৌঁছানো গেছে বলা যাবে না।
সংঘাতের ভবিষ্যৎ গতিপথ
মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার ইরান আক্রমণের পক্ষে ট্রাম্পকে চাপ দিচ্ছেন। এক্সিওসের তথ্যমতে, সেন্টকম চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।
ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরী ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে এবং হামলা পুনরায় শুরু হলে ইরানের ৩৮টি সেতুসহ অন্যান্য অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।
গত সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত দুইবার বিমান হামলা চালিয়েছে। এছাড়া নৌ-অবরোধ অমান্য করার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ বিকল করে দিয়েছে।
এদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছেন, শত্রু কোনো ভুল করলে ইরানের সশস্ত্র বাহিনী চরম ও বিধ্বংসী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।