বিদেশে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচ পাঠাতে লাগবে না অনুমতি

বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর সুযোগ আরও সহজ করা হয়েছে। এখন থেকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই এডি ব্যাংকগুলো এসব শিক্ষার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এছাড়া চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগও দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে চিকিৎসা, শিক্ষায় বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিলসহ আবাসিক বাংলাদেশিদের আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়।

এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার ক্ষেত্রে আগে বৈদেশিক মুদ্রা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন প্রয়োজন হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে এডি ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। ফলে এসব পর্যায়ে পড়াশোনার জন্য বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হবে।

সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্য এখন থেকে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। অন্যদিকে আরএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমার ক্ষেত্রে শর্ত আরও নির্দিষ্ট করেছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, বিদেশে চিকিৎসায় খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। অনুমতি ছাড়াই প্রতিজন এখন খরচ করতে পারবেন সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। আগে এ খরচের সীমা ছিল ১৫ হাজার ডলার।

সার্কুলারে বলা হয়, বিদেশে চিকিৎসার জন্য অথরাইজড ডিলার ব্যাংক (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। এজন্য আগে নির্ধারিত ১৫ হাজার ডলারের সীমা বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবাসিক বাংলাদেশিরা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল তখনই আরএফসিডি হিসাবে জমা করতে পারবেন, যদি তা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা হয়ে থাকে। নতুন সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *