ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে সুমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে নবীনগর পৌরসভার আলীয়াবাদ বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের আমির হোসেনের মেয়ে। সে নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে সে বসবাস করত।
আহত দুই শিক্ষার্থী হলো নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ইভা ও মিথিলা। তারাও নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে নিজ বাড়িতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ক্লাসে যোগ দিতে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিল সুমাইয়া। পথে আলীয়াবাদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে নিহত কলেজছাত্রী সুমাইয়া আক্তারের স্বজন ও সহপাঠীরা হাসপাতালে ছুটে আসে। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে নিহত কলেজছাত্রী সুমাইয়া আক্তারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কলেজছাত্রী সুমাইয়া আক্তারের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকের মাতম চলছে তার পরিবারে।