জার্মানিতে তীব্র তাপপ্রবাহে ১০ হাজার মানুষের মৃত্যু

চলতি বছর জার্মানি জুড়ে চলা তীব্র তাপপ্রবাহ ও দাবদাহজনিত স্বাস্থ্য জটিলতায় এ পর্যন্ত অন্তত ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা ‘রবার্ট কোচ ইনস্টিটিউট’ (আরকেআই) তাদের সাপ্তাহিক প্রতিবেদনে এ আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে জানানো হয়, এ বছর তাপদাহে মারা যাওয়া ব্যক্তিদের বড় একটি অংশই বয়োবৃদ্ধ, যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি। রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব সপ্তাহে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করে, সেসব সপ্তাহে সার্বিক মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। এতে করে আগামী দিনগুলোতে তাপজনিত স্বাস্থ্যঝুঁকি ও মৃতের সংখ্যা আরও বাড়ার তীব্র আশঙ্কা রয়েছে।

এর আগে গত জুনেই রেকর্ড ভাঙা তাপদাহের মুখোমুখি হয়েছিল জার্মানি। সে সময় দেশটির বহু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়। আবহাওয়াবিদদের মতে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপ জুড়ে এমন চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *