দেশের সিনেমা হলে ‘স্পাইডারম্যান’, টিকিটের জন্য ভক্তদের দীর্ঘ সারি

আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউডের সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আজ ৩০ জুলাই দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটির আন্তর্জাতিক মুক্তি ৩১ জুলাই।

বাংলাদেশে একদিন আগে মুক্তির ঘোষণার পর থেকেই সিনেমাটি ঘিরে মার্ভেল ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। মুক্তির দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্টার সিনেপ্লেক্স শাখায় দর্শকদের দীর্ঘসারি দেখা গেছে। প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টার থেকে শুরু করে অনলাইনেও টিকিট সংগ্রহে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তি ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। তিনি বলেন, সিনেমাটিকে ঘিরে স্টার সিনেপ্লেক্সে অভূতপূর্ব উৎসবের আমেজ তৈরি হয়েছে। সকাল থেকেই টিকিট কাউন্টারগুলোতে তরুণদের পাশাপাশি পরিবারসহ বিভিন্ন বয়সী মার্ভেল ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। একই সঙ্গে অনলাইনেও টিকিট সংগ্রহের জন্য দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের কিস্তিগুলোর ধারাবাহিকতায় এবারও পিটার পার্কার তথা স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া এবং নেডের ভূমিকায় রয়েছেন জ্যাকব ব্যাটালন। ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফালোকে।

সিনেমাটিতে নতুন মুখ হিসেবেও যুক্ত হয়েছেন বেশ কয়েকজন অভিনেতা। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্ডি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের চরিত্রে। ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত স্যাডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক ভূমিকায়।

তবে মার্ভেল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক জন বার্নথালের প্রত্যাবর্তন। তিনি আবারও ফ্র্যাঙ্ক ক্যাসেল ওরফে ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় হাজির হয়েছেন।

বাংলাদেশে আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখতে দর্শকদের এমন উচ্ছ্বাস আবারও প্রমাণ করল, স্পাইডারম্যানকে ঘিরে দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহ এখনো তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *