বিশ্বজুড়ে মুক্তির প্রথম দিনেই ১২৭ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ৫ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাজারে ভালো শুরু করলেও উদ্বোধনী আয়ে ছাড়িয়ে যেতে পারেনি প্রভাসের ‘আদিপুরুষ’ ও রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ কে। প্রত্যাশার চেয়ে কম আয় হওয়ায় এখন সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নির্ভর করছে পরবর্তী দিনগুলোর ওপর।
হিন্দুস্তান টাইমস ও বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটির নিট আয় ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দেশটিতে মোট আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ১২৭ কোটি ৫০ লাখ রুপি।
ভারতের বাজারে সবচেয়ে বেশি আয় করেছে সিনেমাটির হিন্দি সংস্করণ। প্রথম দিনে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৪৭ কোটি ৫০ লাখ রুপি। কন্নড় সংস্করণ আয় করেছে ৭ কোটি ২৫ লাখ, তেলুগু ৬ কোটি, তামিল ২ কোটি ৬০ লাখ এবং মালয়ালম সংস্করণ ১ কোটি ৫০ লাখ রুপি।
প্রথম দিনের আয় দিয়ে শাহরুখ খানের ‘পাঠান’ ও রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’এর উদ্বোধনী সংগ্রহ ছাড়িয়েছে ‘রামায়ণ’। তবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ প্রথম দিনে ভারতের বাজারে ৮৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করেছিল। অন্যদিকে, ‘ধুরন্ধর ২’ এর উদ্বোধনী আয় ছিল ১০২ কোটি রুপি। ফলে বড় বাজেট ও ব্যাপক প্রচারণা সত্ত্বেও এই দুই সিনেমার রেকর্ড ভাঙতে পারেনি ‘রামায়ণ’।
সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমান চরিত্রে সানি দেওল। প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা। এটি দুই পর্বে নির্মিত হচ্ছে। প্রথম পর্ব মুক্তির পর দ্বিতীয় পর্বের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২৮ সালের দীপাবলি পর্যন্ত।
এখন সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছুটির দিনগুলো। দীপাবলির ছুটিতে দর্শকসংখ্যা বাড়লে বক্স অফিসে আয়ও বাড়তে পারে।