শেয়ার বাজারে এক দিনে রেকর্ড ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্য যোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ইতিহাসে এক দিনে কোনো প্রতিষ্ঠানের বাজারমূল্য বাড়ার ক্ষেত্রে এটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
আজ শুক্রবার (৩১ জুলাই) লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। এতে মাইক্রোসফটের বর্তমান সামগ্রিক বাজারমূল্য দাঁড়ায় ৩.৩৫ ট্রিলিয়ন ডলারে।
এই উল্লম্ফনের মাধ্যমে মাইক্রোসফট ছাড়িয়ে গেছে আরেক প্রযুক্তি জায়ান্ট সেমিকন্ডাক্টর চিপনির্মাতা এনভিডিয়াকে। ২০২৫ সালের ৯ এপ্রিল এনভিডিয়া এক দিনে সর্বোচ্চ ৪৪১ বিলিয়ন ডলার বাজারমূল্য যোগ করে রেকর্ড তৈরি করেছিল, যা এবার ভেঙে দিল মাইক্রোসফট।
বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো তৈরিতে চড়া বিনিয়োগের বিপরীতে রিটার্ন নিয়ে বিনিয়োগকারীদের যে সংশয় ছিল, তা অনেকটাই কেটে গেছে। জ্যাকস ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট ব্রায়ান মুলবেরি বলেন, মাইক্রোসফট একটি অত্যন্ত শক্তিশালী ত্রৈমাসিক প্রতিবেদন উপহার দিয়েছে। তাদের বৃদ্ধির মূল চালিকাশক্তি এসেছে মূলত ক্লাউড এবং এআই খাত থেকে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিষেবা ‘অ্যাজুরের’ বৃদ্ধি হতে পারে ৪৫ শতাংশ, যা বাজার বিশ্লেষকদের অনুমিত হিসাব ৪০.৯২ শতাংশের চেয়ে অনেক বেশি। ২০২৬ ক্যালেন্ডার বছরে বিশ্বজুড়ে নিজেদের এআই অবকাঠামো জোরদারে ১৭৫ বিলিয়ন ডলার মূলধনি ব্যয়ের পরিকল্পনা নিশ্চিত করেছে সফটওয়্যার জায়ান্টটি।