প্রশিক্ষণ দেওয়ার সময় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রশিক্ষণ দেওয়ার সময় বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার গুমনীগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজাদুল ইসলাম ঘুটু উপজেলার গুমনীগঞ্জ ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে লোকজ ‘পাতা খেলা’ উপলক্ষে আজাদুল গতকাল সোমবার বিকেলে একটি নতুন বিষধর সাপ ধরেন। আজ মঙ্গলবার ওই মেলায় বড় আকারের সাপটি প্রদর্শন করার কথা ছিল। সেই প্রস্তুতি হিসেবে সোমবার বিকেলেই সাপটিকে প্রশিক্ষণ দিতে যান তিনি। প্রশিক্ষণ দেওয়ার একপর্যায়ে বিষাক্ত সাপটি তাকে ছোবল দেয়।

ঘটনার পর সাপুড়ে আজাদুল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয়রা বিষ নামানো জন্য রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে ওঝার চিকিৎসা চলাকালেই সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুমনীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, সাপের কামড়ে সাপুড়ে নিহত হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছি। সাপে কামড়ানোর পর কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *