সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর এলাকায় অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। সে সময় তাৎক্ষণিকভাবে ট্রেনের জরুরি শিকল (চেইন) টেনে গতি থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মনসুর আলী স্টেশনে প্রবেশের মুহূর্তেই এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন থমকে আছে। ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করে রেলপথ দ্রুত সচল করতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *