রংপুরের মিঠাপুকুর উপজেলায় অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে কাফ্রিখাল পুনঃখনন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। এর ফলে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বরাদ্দকৃত প্রায় ৩ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকা অব্যবহৃত অবস্থায় সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দেশের প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ওয়েজ, নন-ওয়েজ এবং সর্দার মজুরি বাবদ সারা দেশে ৪২০ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৭৬৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখালের ৩ হাজার ১০০ মিটার পুনঃখনন প্রকল্পের জন্য মোট ৩ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ১২ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছিল।
তবে বাস্তবায়নের নির্ধারিত সময়ে টানা বৃষ্টিপাত এবং খালে অতিরিক্ত পানি জমে থাকায় ভেকু বা শ্রমিক নামিয়ে খননকাজ শুরু করা সম্ভব হয়নি। কাজ শেষ না হওয়ায় সরকারি আর্থিক বিধিবিধান মেনে গত ২৪ জুলাই সরকারি চালানের মাধ্যমে বরাদ্দের সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার বলেন, কাফ্রিখালের ৩ হাজার ১০০ মিটার পুনঃখননের সমস্ত পরিকল্পনা চূড়ান্ত ছিল। কিন্তু দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ও খালে পর্যাপ্ত পানি জমে থাকায় কাজ শুরু করাই সম্ভব হয়নি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী সমুদয় অর্থ ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে পুনরায় বরাদ্দের আবেদন করে কাজটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার কারণেই প্রকল্পটি নির্দিষ্ট অর্থবছরে সম্পাদন করা যায়নি। বিধিমোতাবেক বরাদ্দের অর্থ কোষাগারে জমা করা হয়েছে।