হরমুজের নিরাপত্তা নিয়ে ইরান-ওমান চুক্তি, বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে নৌ চলাচলের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা চুক্তি হতে চললেও মার্কিন সামরিক তৎপরতা ও নৌ অবরোধ এই অঞ্চলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে সমঝোতা চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে থাকলেও তা এই প্রণালিতে স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ যাতায়াতের পূর্ণ নিশ্চয়তা দেয় না। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ এবং ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসী কর্মকাণ্ডই মূলত প্রণালিটিতে অনিরাপত্তা জিইয়ে রাখছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটিতে বাণিজ্যিক জাহাজের জন্য বড় বিপদ তৈরি করে চলেছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, ওমানের সঙ্গে চলা এই আলোচনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে, মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনে’র অভিযোগ এনে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এর আগে লেবাননের মাজদাল সেলম গ্রামে একটি ভবনে আইইডি বিস্ফোরণে ২ জন ইসরায়েলি সৈন্য নিহত ও কয়েকজন আহত হন।

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। সেখানে বাড়িঘরে তল্লাশি ও ফিলিস্তিনিদের আটকের খবর পাওয়া গেছে। একই সঙ্গে গাজা উপত্যকার একাধিক এলাকায় হামলা ও শেলিং অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *