সিপিসি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিতে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার নেতৃত্বে পাঁজ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সংসদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুল আলম।

এ ছাড়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভুঁইয়া।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৬৯তম সিপিসি সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ : কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে আলোচনার পাশাপাশি মতবিনিময় ও সিদ্ধান্ত নেওয়া হবে।

সফরকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অব দ্য ওয়েস্টার্ন কেপ অ্যালান উইন্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক হতে পারে।

সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ বাংলাদেশের প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *