বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে লন্ডনে অবকাশ যাপনকালে এক ভক্তের ক্যামেরায় কিং খানের ছবি ও ভিডিও ধরা পড়ার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা।
ভাইরাল হওয়া ওই দৃশ্যগুলোতে দেখা যায়, শাহরুখ খান কালো রঙের একটি হুডি এবং ‘VR-46’ লেখা একটি কালো ক্যাপ পরে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন। তবে ক্যাপের ফাঁক দিয়ে উঁকি দেওয়া ব্লিচ করা চুল ভক্তদের নজর এড়ায়নি। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন ‘কিং’ সিনেমার নতুন লুক গোপন রাখতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন এই সুপারস্টার।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলোচিত ‘কিং’ সিনেমায় সম্পূর্ণ ধূসর চুলের এক ভিন্নধর্মী ও অ্যাকশনধর্মী লুকে দেখা যেতে পারে শাহরুখ খানকে। যদিও এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

লন্ডনের রাস্তায় সাধারণ পোশাকে ঘুরে বেড়ানোর সময়ও অনুরাগীদের ভালোবাসা ও কৌতূহল এড়াতে পারেননি এই তারকা। জানা গেছে, সেখানে উপস্থিত কিছু ভক্তের আবদারে সানন্দে ছবিও তুলেছেন তিনি। সিনেমা মুক্তির আগেই কিং খানের এই লুক পরিবর্তন এবং নতুন গেটাপ ভক্তদের মাঝে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।