টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অবস্থান করছে অস্ট্রেলিয়ায়। এর মাঝেই বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে মালয়েশিয়ার বাংলাদেশ সফরের কথা নিশ্চিত করেছে। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারী মালয়েশিয়া।
মালয়েশিয়া জাতীয় দল আসলেও তারা খেলবে মূলত বাংলাদেশ এইচপি (হাই-পারফরম্যান্স) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজে মালয়েশিয়া লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।
আগামী ৮ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি লড়াই শেষে ফরম্যাট বদলে ওয়ানডে মিশনে নামবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের সব কটি ম্যাচই হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। খেলাগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।