যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বিমানবন্দরে তল্লাশি চালানোর সময় এক নারী যাত্রীর লাগেজ থেকে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন সময়ের চুরি যাওয়া পাঁচটি কামানের গোলা উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ। খবর এপির।
এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর পরিবহণ নিরাপত্তা প্রশাসন (টিএসএ) জানায়, গত ১৮ জুলাই আলাবামার গুলফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক্সরে স্ক্রিনিংয়ের সময় ওই যাত্রীর স্যুটকেসে ভারী পদার্থের উপস্থিতি দেখতে পান দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তারা। পরবর্তীতে ব্যাগটি খুলে কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় পাঁচটি ছোট কামানের গোলা উদ্ধার করা হয়।
সংস্থাটি জানায়, কামানের গোলাগুলো আকারে কিছুটা বড় এবং বেশ ভারী। তবে সেগুলোতে কোনো সক্রিয় বিস্ফোরক দ্রব্য ছিল না। তবে বিমানে এ জাতীয় কোনো কামানের গোলা বহন করা আইনত নিষিদ্ধ।
টিএসএ কর্মকর্তা জাস্টিন ডুপ্রি এক বিবৃতিতে বলেন, কর্মজীবনে এ ধরনের ঘটনা আগে কখনও দেখিনি। প্রশিক্ষণমূলক গ্রেনেড হয়তো দেখেছি, কিন্তু ইন্ডিয়ানা জোন্স সিনেমার মতো এভাবে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের ঘটনা এই প্রথম।
পরবর্তীতে বল্ডউইন কাউন্টি শেরিফের দপ্তর ও স্থানীয় পুলিশ তদন্ত শেষে জানায়, গোলাগুলোর গায়ের বিশেষ পেইন্ট মার্কিং দেখে নিশ্চিত হওয়া গেছে এগুলো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ফোর্ট মরগান’ দুর্গ থেকে চুরি করা হয়েছিল।
পুলিশ আরও জানায়, এক কিশোর ফোর্ট মরগানের একটি স্টোরেজ থেকে গোলাগুলো চুরি করে চুপিচুপি তার নানির লাগেজে রেখে দিয়েছিল। ওই নারী পুলিশকে জানিয়েছেন, গোলকগুলো চুরি করা বস্তু ছিল সে বিষয়ে তিনি কিছুই জানতেন না।
উল্লেথ্য, যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল ১৮৬১ থেকে ১৮৬৫ সালের মধ্যে। ফলে বর্তমান হিসাব করলে, এই কামানের গোলাগুলোর বয়স প্রায় ১৬১ থেকে ১৬৫ বছর।