ব্যারিস্টার সরোয়ারকে হাইকোর্টে তলব, ব্যাখার নির্দেশ
কোনো প্রমাণ ছাড়াই সংবাদ সম্মেলন করে বিচারককে নিয়ে বিষোদগার করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।
আজ রোববার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিচারককে নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার এম সারওয়ার হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ব্যারিস্টার এম সারওয়ার হোসেন সম্প্রতি পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে প্রেস ব্রিফিং করেন। ওই ব্রিফিংয়ে প্রমাণিত হওয়ার আগেই একজন জুডিসিয়াল অফিসারের বিরুদ্ধে এভাবে অভিযোগ উত্থাপন করায় আদালতের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে মর্মে কেন এই প্রচারের মাধ্যমে আদালত অবমাননা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, আগামী ২৬ নভেম্বর এম সারওয়ার হোসেনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিটিআরসিকে ওই প্রেস ব্রিফিং প্রচারের ভিডিও অনতিবিলম্বে সব অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়েছেন আদালত। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন হানিফ ও তানজিমাৎ মারিয়া উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে পিরোজপুর যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও সুনাম ক্ষুণ্নের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠিয়েছেন।