সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, স্ত্রীসহ ৬ জনকে পাঁচ মাস করে সাজা
চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রীসহ ছয় জনকে পাঁচ মাস করে সাজা দিয়েছেন আদালত।
আজ রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন। অর্থঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ব্যাংকের আইনজীবী আজ রোববার ঋণখেলাপিদের সাজা চেয়ে আবেদন করেন।
দণ্ডিত অন্য বিবাদীরা হলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম। শুনানি শেষে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয় জনকে পাঁচ মাস করে সাজা দেন। তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, সাবেক মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২৫ সালে আদালতে মামলা করে ব্যাংক। সেই মামলায় চলতি বছরের ১ ডিসেম্বর ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করেন আদালত। ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ না করায় পাওনা টাকা আদায়ে গত জুলাই মাসে অর্থঋণ জারি মামলা করে ব্যাংক। ঋণের বিপরীতে বন্ধকী সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে টাকা আদায় করা সম্ভব হয়নি। ছয় ঋণখেলাপি টাকা পরিশোধে আগ্রহ নেই দাবি করে তাদের সাজা দিতে আদালতে আবেদন করে ব্যাংক। তার উপর আজ রোববার শুনানি শেষে আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৩৪ ধারায় তাদের প্রত্যেককে পাঁচ মাস করে সাজার আদেশ দেন।