সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎহীন অন্ধকারের সুযোগ নিয়ে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা ধরে ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমানগরসহ আশপাশের এলাকায় এ আতঙ্কের ঘটনা ঘটে। রাতভর বিদ্যুৎ না থাকায় এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ধাওয়া করেও শিয়ালটিকে আটক করতে পারেননি।
আহত ব্যক্তিরা হলেন—হলিদাকান্দা গ্রামের রূপা আক্তার (১৫), নোয়াবন্দ গ্রামের তামান্না আক্তার (৮) ও মনি আক্তার (২৫), ধর্মপাশা গ্রামের মির্জা আলম (৩৪), সমন সরকার (১২), ইজাজুল (২৭), মুফতি আবুল বাশার (৪০), চাঁদ রহমান (২২), বিজয় (১৭) ও দেলোয়ার হোসেন (২২), ফাতেমানগর গ্রামের বিলকিস আক্তার (২৬) ও নুরুল আমীন (৬৫), বানারশিপুর গ্রামের শিপন মিয়া (১৩), জয়শ্রী গ্রামের টিটন দাস (৩৫) এবং আহম্মদপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৫)। তাদের অনেকেই বর্তমানে ফাতেমানগর এলাকায় বসবাস করছেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পলাশ গোস্বামী জানান, আহত ব্যক্তিদের মধ্যে টিটন দাস নামে এক রোগী প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বাকি ১৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসাবাড়িতে ফিরে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার এনটিভি অনলাইনকে জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের শনিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে জলাতঙ্ক প্রতিরোধক রেবিস আর আই জি এবং রেবিস টিকা দেওয়া হয়েছে। ১৫ জনের মধ্যে একজন বেশি গুরুতর হওয়ায় তাকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যান্যরা বাড়িতে চলে গেছেন।