চীনের নেতৃত্বে আন্তর্জাতিক এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন (ডব্লিউএআইসিও)-এ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সহযোগিতার ক্ষেত্রে একটি আন্তঃসরকারি সংস্থা এবং এর নেতৃত্ব দিচ্ছে চীন।

শনিবার (১ আগস্ট) এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডব্লিউএআইসিও’র ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা এবং এই নতুন ও পরিবর্তনশীল প্রযুক্তিটি যাতে মানবজাতির জন্য নিরাপদ ও কল্যাণকর হয় তা নিশ্চিত করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিমালা জোরদার করা।

চীনের বাণিজ্য নগরী সাংহাইতে সদরদপ্তর করে ১৬ জুলাই আন্তঃসরকার এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ২৯ দেশকে সদস্য করে বিশ্ব এআই সম্মেলনের উচ্চ পর্যায়ের একটি সভায় এই জোটের ঘোষণা দেয় চীন।

চীনের সঙ্গে এই জোটে প্রাথমিক সদস্যদের মধ্যে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ আরও কিছু দেশ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *