‘ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে’

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে। এটি শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, আমাদের সবার জন্য এটি একটি মানবিক ও সামাজিক সমস্যা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গণযোগাযোগ অধিদপ্তরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তৃণমূল পর্যায়ে বিশেষ প্রচার কার্যক্রম জোরদারকরণে তথ্য কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তথ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় যে নির্দেশনা দিয়েছেন তার আলোকেই হবে প্রচার কর্ম-পরিকল্পনা। ক্রাশ প্রোগ্রাম নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ ও এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে।

মাহবুবা ফারজানা বলেন, তথ্য কর্মকর্তাদের অভিজ্ঞতার আলোকে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদেরকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ সময় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করেন তথ্য সচিব।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান স্বাগত বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. শাহ আলম বক্তব্য দেন। এ সময় ৬৮টি তথ্য অফিসের দপ্তর প্রধানগণ এবং সদর দপ্তরের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *