হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঠেকাতে সৌদি আরবের কূটনৈতিক ও সামরিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য দেশটির পাশে দাঁড়ানোর কথা বিবেচনা করছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের লোহিত সাগর উপকূল ঘেঁষে বাব আল-মান্দেব প্রণালির দিকে হুথিদের দক্ষিণমুখী অগ্রসর হওয়া ঠেকাতে এবং তাদের হামলা থেকে আত্মরক্ষায় অ্যান্ডি বার্নহামের সরকারের কাছে প্রযুক্তিগত ও সামরিক সাহায্য চেয়েছে রিয়াদ।

সম্প্রতি হুথি সদস্যরা প্রণালির কাছাকাছি ইয়েমেন উপকূলের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। এর পরপরই বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় ৪ শতাংশ পরিবহনকারী ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলা চালায় তারা। রয়টার্সের তথ্য অনুযায়ী, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত এই পাইপলাইন মেরামতে সৌদি সরকারের ৫ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। অন্যদিকে লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ হুথিদের দখলে চলে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট এই অস্থিরতায় ব্রিটেন মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। অ্যান্ডি বার্নহামকে পরামর্শ দেওয়া হয়েছে যে হুথিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব থাকলে তা আন্তর্জাতিক নৌ-চলাচলে মারাত্মক প্রভাব ফেলবে, যার ফলে ব্রিটেনে জ্বালানির দাম আকাশচুম্বী হতে পারে। জানা গেছে, সৌদি আরবকে সহায়তা দিতে ইতোমধ্যে ব্রিটিশ সামরিক উপদেষ্টা পাঠাতে সম্মত হয়েছেন বার্নহাম।

তবে রিয়াদকে অতিরিক্ত কোনও সহায়তা দেওয়া হবে কিনা, সে বিষয়ে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছেও একই আবেদন জানালেও ওয়াশিংটন থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপে বলেন, যুক্তরাজ্য দৃঢ়ভাবে সৌদি আরব এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে রয়েছে।

এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন বলে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে। অন্যদিকে, সোমবার খামিস মুসাইত, আবহা ও তায়েফ শহরে হুথিদের হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে সম্প্রতি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলেও পাকিস্তান ও তুরস্ক এখন পর্যন্ত দেশটিকে সহায়তায় এগিয়ে আসেনি। এক তুর্কি কর্মকর্তার মতে, প্রতিরক্ষা চুক্তিটি এখনও কার্যকর না হওয়ার কারণেই এই সহায়তা দেওয়া হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *