ধীরগতির শক্তিশালী টাইফুন ‘ডলফিন’র প্রভাবে জলোচ্ছ্বাস, তীব্র বাতাস ও ভারি বৃষ্টির আশঙ্কায় জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় দুই লাখ ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ক্যাটাগরি-১ মাত্রার এই টাইফুনটির কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ১৯৯ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝড়টি বর্তমানে কিউশু অঞ্চল এবং ওকিনাওয়া প্রিফেকচারের মধ্যবর্তী দ্বীপমালার দিকে অগ্রসর হচ্ছে।
ঝড়টির প্রভাবে কাগোশিমা ও ওকিনাওয়া প্রিফেকচারে দুই লাখ ৬০ হাজার বাসিন্দার জন্য উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা শুক্রবার তাদের ৯টি কারখানার উৎপাদন স্থগিত ঘোষণা করেছে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, টাইফুনটি ওকিনাওয়ার কাছাকাছি পৌঁছে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি করতে পারে। পাশাপাশি সংকেত দেওয়া হয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধসেরও।
এদিকে গত সপ্তাহের ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিউশু দ্বীপেও ঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে ভেঙে পড়া বাড়িঘরের প্রায় ছয় হাজার ৭০০ বাসিন্দা বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এর মধ্যেই ওই অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পাশাপাশি হিটস্ট্রোকের ঝুঁকিও তৈরি হয়েছে।