ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯ মামলার আসামি আশরাফ গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে আশরাফ আলী আকন্দ ওরফে আশরাফ ডাকাত (৫০) নামের এক শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।

সোমবার (৯ নভেম্বর) কঠোর পুলিশি পাহারায় তাকে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই এবং বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এবং মারামারির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য সংক্রান্ত একটি মামলায়ও তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে যুক্ত করা হয়েছিল।

গ্রেপ্তারের বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফের বিরুদ্ধে অপরাধের দীর্ঘ রেকর্ড ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *