কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) টানা ৯ ঘণ্টা ও ৬ ঘণ্টা রংপুর ও বগুড়ার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এরমধ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে নেলকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, আকলীগ মসজিদ, লালবাগ কেটিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড় পর্যন্ত রোডের দুই দিকে, আবু সাইদ চত্বর, সর্দারপাড়া, ঘাটপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নেসকোর অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া দপ্তরের গ্রাহকদের জানানো যাচ্ছে যে, গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন চকফরিদ, জবানী স্কুল রোড, এতিমখানা রোড, ইয়াছিননগর, ব্যাংকপাড়া, এ্যাসেনসিয়াল ড্রাগস, ঠনঠনিয়া হিন্দুপাড়া, বটতলা, ঠনঠনিয়া প্রথম লেন, রিয়াজকাজী লেন, গোহাইল রোড, আবহাওয়া অফিস, সেউজগাড়ী পানির ট্যাংকি রোডসহ তৎসংলগ্ন এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *