ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজিপি) ব্যানারে শিক্ষার্থীদের ‘সংসদ চলো’ পদযাত্রায় পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিনোদন অঙ্গনে। আজ মঙ্গলবার (২১ জুলাই) দিলজিৎ দোসাঞ্জ, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, হুমা কুরেশী এবং ভূমি পেডনেকরসহ একাধিক প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পী শিক্ষার্থীদের সমর্থনে সোচ্চার হয়েছেন।
পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় পুলিশি হামলার সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ অনুচিত। তাদের ক্ষোভ শোনা উচিত। বলিউড তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তরুণরাই দেশের গণতন্ত্রের হৃদস্পন্দন এবং তাদের কথা ভয়হীনভাবে প্রকাশের সুযোগ দিতে হবে। খবর এনডিটিভির।
এর আগে যন্তর মন্তরে প্রত্যক্ষভাবে আন্দোলনে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও প্রকাশ রাজ। এছাড়া হুমা কুরেশী, সুতপা সিকদার, নন্দিতা দাস, সোনাক্ষী সিনহাসহ অনেকে লাঠিচার্জ ও বলপ্রয়োগের ছবি ও ভিডিও দেখে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের দাবির সমর্থনে দিন দিন তারকাদের যুক্ত হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিক্রিয়া মোদি সরকারের ওপর বাড়তি রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। অহিংস ও সংবিধানসম্মত আন্দোলনের পাশে দাঁড়িয়ে বিনোদন জগতের তারকারা অবিলম্বে শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপে বসার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।