১০০ কোটির বেশি দামের বাংলো কিনলেন জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও রিয়েল এস্টেট খাতে বড় বিনিয়োগ করেছেন। এবার তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা পশ্চিমে ৮৪ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল বাংলো কিনেছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১০০ কোটির টাকারও বেশি। চলতি বছরের ১৪ জুলাই সম্পত্তি নিবন্ধনের মাধ্যমে কেনাবেচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। 

সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, সেন্ট মার্টিন সড়কে অবস্থিত ফ্রিহোল্ড এই সম্পত্তির আয়তন ১ হাজার ১৭ দশমিক ৬০ বর্গমিটার। সেখানে একটি প্রধান বাংলোর পাশাপাশি একটি পৃথক ভবনও রয়েছে। সম্পত্তি নিবন্ধনের জন্য জন আব্রাহাম ৫ কোটি ৪ লাখ রুপি স্ট্যাম্প শুল্ক পরিশোধ করেছেন।

এটি জন আব্রাহামের প্রথম বড় বিনিয়োগ নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে তিনি মুম্বাইয়ের খার এলাকায় ৭০ কোটি ৮৩ লাখ রুপি মূল্যের আরেকটি বাংলো কিনেছিলেন। সেই সময়ও তাকে কয়েক কোটি রুপি স্ট্যাম্প শুল্ক দিতে হয়েছিল। ফলে মুম্বাইয়ের বিলাসবহুল আবাসন খাতে তার বিনিয়োগ আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন জন আব্রাহাম। বর্তমানে তিনি পরিচালক রোহিত শেঠির নতুন জীবনীভিত্তিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলা এবং ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলার তদন্তে রাকেশ মারিয়ার ভূমিকা তুলে ধরা হবে।

চরিত্রটি নিয়ে জন আব্রাহাম জানিয়েছেন, তিনি শুধু বাহ্যিক রূপ নয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মানসিকতা, দায়িত্ববোধ ও কর্মচাপও পর্দায় বাস্তবভাবে তুলে ধরতে চান। দেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এমন একজন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাকে তিনি নিজের জন্য বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *