৫ সিনেমা হলে মুক্তি পেল বিদেশে প্রশংসা কুড়ানো ‘মাস্তুল’

দেশের প্রেক্ষাগৃহে আজ (১৭ জুলাই) মুক্তি পেয়েছে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘মাস্তুল’। রাজধানী ও নারায়ণগঞ্জের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

মুক্তির প্রথম সপ্তাহে পাঁচটি প্রেক্ষাগৃহ মিলিয়ে প্রতিদিন মোট ১৩টি প্রদর্শনী পাচ্ছে ‘মাস্তুল’। স্বাধীন ধারার একটি বাংলা সিনেমার জন্য এটিকে ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন নির্মাতা।

মোহাম্মদ নূরুজ্জামান বলেন, একই সময়ে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তি পেলেও ‘মাস্তুল’-এর প্রদর্শনীর সংখ্যা আশাব্যঞ্জক। তাঁর ভাষায়, স্বাধীন ধারার একটি সিনেমা হিসেবে এই সাড়া তাঁকে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, বাংলা সিনেমার বর্তমান চ্যালেঞ্জপূর্ণ বাজারেও ‘মাস্তুল’-এর ওপর আস্থা রেখে প্রদর্শনীর সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞ।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমাস এবং নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স ও সিনেস্কোপে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির আগে ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে দেশের চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা সিনেমাটি দেখেন। প্রদর্শনী শেষে নির্মাণশৈলী, অভিনয় এবং নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবনচিত্র তুলে ধরার জন্য প্রশংসা করেন তারা।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়ে সিনেমাটি ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এটি।

সিনেমার গল্পে দেখা যাবে জ্বালানিবাহী একটি তেলবাহী জাহাজের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরার জীবন। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবনসংগ্রাম, একাকীত্ব, মানবিক সম্পর্ক, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার লড়াই।

মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *