এনভিডিয়া সিইও’র বিরুদ্ধে চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে রোমান্টিক রিলেশনশিপের অভিযোগ

কথিত এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে মার্কিন কংগ্রেসের তোপের মুখে পড়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। রোববার (৮ নভেম্বর) এই বিস্ফোরক তথ্য সামনে আসার পর মার্কিন রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। খবর এক্সিওসের।

জেনসেন হুয়াং বিশ্বের অন্যতম ক্ষমতাধর টেক সিইও। তার কোম্পানির তৈরি চিপ বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করা হয়।

এমন একজন প্রভাবশালী ব্যক্তি, চীনা গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়তে পারেন বলে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। তাই মার্কিন কংগ্রেসের উভয় দলই বিষয়টিকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে।

এসব প্রতিবেদনের প্রেক্ষিতে, একটি পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস। ট্রাম্প প্রশাসন, চীনা গুপ্তচর ও টেক ধনকুবেরদের এমন সম্পর্কের বিষয়ে কংগ্রেস সঠিক উত্তর খুঁজে বের করবে বলে জানান তিনি।

সংবাদমাধ্যমের দাবি, এলিস হুয়াং নামের এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে জেনসেনের গভীর প্রেমের সম্পর্ক ছিল। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, জেনসেনের ওপর নজরদারির জন্যই এই চীনা গুপ্তচরকে নিয়োগ দেওয়া হয়।

এর মূল লক্ষ্য ছিল জেনসেনকে প্রভাবিত করে চীনে আধুনিক চিপ রফতানির অনুমতি আদায় করা। এতে মার্কিন জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়েছে, তা নিয়ে কংগ্রেস চরম উদ্বিগ্ন।

এই পরিস্থিতিতে, জেনসেন হুয়াংকে, আগামী ১১ নভেম্বরের মধ্যে কংগ্রেসনাল কমিটির কাছে বিস্তারিত ব্রিফিংয়ের সময়সূচি জানাতে বলা হয়েছে। হাউসের রিপাবলিকান নেতারা তাকে এই আল্টিমেটাম দিয়েছেন।

তবে কথিত ওই নারী গুপ্তচরের সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্কের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে এনভিডিয়া। এটি নিছকই ব্যবসায়িক যোগাযোগ ছিল দাবি করার পাশাপাশি চীনা সরকারও গুপ্তচরবৃত্তির অভিযোগটি প্রত্যাখ্যান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *