প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগসহ মোট আটটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাবেক উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে র্যাব-১৪, সিপিসি ১ আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান।
আব্দুল ওয়াহেদ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির। তিনি আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি নামে একটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেন।
স্থানীয়রা জানায়, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
ওই সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব-১৪, সিপিসি ১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র্যাব-১৪ তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। এরপর আইনি প্রক্রিয়ায় তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক আবুল হোসেন জানান, আসামি আব্দুল ওয়াহেদকে মাদারগঞ্জ আমলি আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।