নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) ভোরে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে এবং আহতরা হলেন বাবু (৪০) ও সাজদার (৫০)।
পুলিশ জানায়, আজ বুধবার ভোরে লালপুর থেকে চার শ্রমিক একটি অটোভ্যানে করে ঈশ্বরদীতে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্স অটোভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইয়ারুল নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আহত দুজনকে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।