মার্চে মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ইরানি পাইলটের মরদেহ উদ্ধার, জানাজা অনুষ্ঠিত

মার্চে মার্কিন ঘাঁটিতে হামলার অভিযানে নিহত ইরানের এক পাইলটের মরদেহ উদ্ধার ও শনাক্তের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইয়ের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই জানান, সেকেন্ড ব্রিগেডিয়ার-জেনারেল পাইলট মাজিদ কাজেমির জন্য ইরানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলছে। সম্প্রতি তার দেহাবশেষ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মাজিদ কাজেমি ছিলেন ইরানের ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের দুটি ‘সু-২৪’ বোমারু বিমানের চার সদস্যের একটি দলের অংশ। গত ২ মার্চ, যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালানোর অভিযানে অংশ নিয়েছিলেন তারা।

দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন, উপসাগরীয় অঞ্চলের আকাশে ওই দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ওই অভিযানে থাকা বাকি তিন সদস্যের মরদেহের সন্ধান বা পরিচয় শনাক্তের কাজ এখনো চলছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওই বিমান অভিযান ও পাইলটদের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। তবে ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *