ইরানকে চীনের তৈরি ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের খবর প্রত্যাখ্যান করেছে বেইজিং। এ ধরনের কোনো চালান দেওয়ার প্রস্তুতি চলছে, এমন প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও তথ্যভিত্তিহীন’ বলে দাবি করেছে চীন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংশ্লিষ্ট বিষয়ে চীনের অবস্থান আগেও একাধিকবার পরিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, ‘এসব প্রতিবেদন সত্য নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।’ একই সঙ্গে তিনি জানান, চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানের জন্য কাজ করে যাচ্ছে।
এর আগে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কয়েক সপ্তাহের মধ্যে ইরান চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ করা হয়।
তবে চীনের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করে জানানো হয়েছে, তারা সংঘাত আরও বাড়ানোর কোনো পদক্ষেপকে সমর্থন করে না এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান করছে।