যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে মার্কিন মেরিন ক্রপসের ‘এফ-৩৫বি’ স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার ঠিক আগমুহূর্তে জরুরি প্যারাশুটের সাহায্যে সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে মার্কিন মেরিন ক্রপস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ জুলাই) স্যান ডিয়েগোর বিখ্যাত ‘মিরামার’ বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে আসা ভিডিও চিত্রে দেখা যায়, বিধ্বস্ত বিমানটির অবশিষ্টাংশ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছিল। খবর পেয়ে দমকল কর্মী ও সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থলে একটি ছোট ধরনের ঝোপঝাড়ের দাবানলও ছড়িয়ে পড়েছিল।
উদ্ধার কর্মকর্তারা এই ঘটনাকে ক্যাটাগরি ‘ক্লাস এ মানের বড় দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, অত্যন্ত অত্যাধুনিক এই একক এফ-৩৫বি ফাইটার জেটের আনুমানিক নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি ৯০ লাখ ডলার। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী, দেশটির মেরিন ক্রপস, নৌ ও বিমানবাহিনীর কাছে বর্তমানে ৬৩০টিরও বেশি এফ-৩৫ সিরিজের যুদ্ধবিমান রয়েছে।
সংস্থাগুলোর তথ্যমতে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এ নিয়ে অন্তত আটটি সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার মুখে পড়লো। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল গত জুনে, যখন ক্যালিফোর্নিয়ার মোহাভে মরুভূমিতে একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে বোর্ডে থাকা আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছিলেন।