প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতলেন আর্লিং হালান্ড। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার জয়ের পর এক মৌসুম পাননি। আবারও সেটি নিজের করে নিলেন তিনি। এই নিয়ে সর্বশেষ চার বছরে তৃতীয়বার লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেলেন নরওয়েজিয়ান তারকা।
শেষ হওয়া মৌসুমে ম্যানচেস্টার সিটি স্টাইকার লিগে ৩৫ ম্যাচে গোল করেছেন ২৭টি। ২২ গোল নিয়ে ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো আছেন দ্বিতীয় স্থানে। ১৭ গোল নিয়ে তিন নম্বরে অ্যান্তোনি সেমেনিও।
প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল্ডেন বুট জয়ের তালিকায় কিংবদন্তি অ্যালান শিয়েরার ও হ্যারি কেইনের দলে যোগ দিয়েছেন হালান্ড। চারটি গোল্ডেন বুট নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে কেবল মোহাম্মদ সালাহ ও থিয়েরি হেনরি তাদের ওপরে আছেন।
ম্যানসিটিতে প্রথম দুই মৌসুমে যথাক্রমে ৩৬ ও ২৭টি লিগ গোল করেন হালান্ড। তৃতীয় মৌসুমে আসে ২২ গোল। এবার তার চেয়ে পাঁচটি গোল বেশি করলেন তিনি।
সবমিলিয়ে ১৩২ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ১১২ হালান্ডের নামের পাশে। ১১১ ম্যাচে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ লিগ গোল করেন তিনি। আগের রেকর্ডধারী শিয়েরারের চেয়ে ১৩ ম্যাচ কম।