মার্কিন ডলারের দাম কমায় ও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমনের আশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দাম ব্যাপক কমেছে। খবর রয়টার্সের।
বাজারের তথ্য অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ বেড়ে চার হাজার ৫৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে গত জুলাই মাসে বিগত পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে একটি দ্রুত চুক্তির আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো হামলার সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এর পরপরই প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম চার ডলারের বেশি কমে যায়। ট্রাম্প জানান, সোমবারই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে, তবে চুক্তির জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিতে তিনি অস্বীকৃতি জানান।
ইউবিএস ব্যাংকের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো জানান, বাজারে আবার আগের পুরনো নিয়ম ফিরে এসেছে, যেখানে তেলের দাম কমলে স্বর্ণের দাম বাড়ে এবং তেলের দাম বাড়লে স্বর্ণের দাম কমে। তেলের দাম কমে যাওয়ায় এ বছর যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারকে চাঙ্গা করতে সাহায্য করছে। সাধারণত তেলের চড়া দাম মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের উদ্বেগ বাড়িয়ে দেয়, যার ফলে সুদমুক্ত সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। প্রতি আউন্স স্পট রুপার দাম এক শতাংশ বেড়ে ৫৮ দশমিক ১৮ ডলারে, প্লাটিনাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৬৪৭ দশমিক ২৫ ডলারে এবং প্যালাডিয়াম শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে এক হাজার ২৮০ দশমিক ২৫ ডলারে বেচাকেনা হয়েছে।