প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবী, ইতিহাস গড়ার হাতছানি

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের পেস অ্যাটাকের মূল ভরসা জাসপ্রীত বুমরাহ। তার জায়গায় প্রথমবারের মতো ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সী পেসার আকিব নবি।

একাদশে সুযোগ পেলে জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার অনন্য ইতিহাস গড়বেন এই পেসার।

ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থেকেই মূলত নির্বাচকদের নজর কেড়েছেন আকিব। রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে তিনি শিকার করেছেন মোট ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০টি উইকেট, যা জম্মু ও কাশ্মীরকে প্রথমবারের মতো ঐতিহাসিক রঞ্জি ট্রফির শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল।

এছাড়া সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ উইকেট শিকার করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

এদিকে, হাঁটুর চোটে পড়ে লঙ্কা সফরে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না অভিজ্ঞ পেসার বুমরাহর। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পান তিনি। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই চোট সমস্যা তাড়া করে বেড়াচ্ছে এই তারকা পেসারকে।

বুমরাহ না থাকায় শ্রীলঙ্কা সফরে ভারতের পেস বোলিং সামলাবেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণারা। তাদের সঙ্গে যোগ দেবেন তরুণ আকিব নবি।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। এর আগে আগামী ৭ আগস্ট থেকে কলম্বোতে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

ভারতের টেস্ট স্কোয়াড

শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, রিশাভ পন্ত, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কেল, সারাংশ জৈইন ও আকিব নবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *