বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা এবং পরিচালনা পর্ষদের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শুক্রবার (৭ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন এই কমিটিকে শুভকামনা জানান।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এবারের মোট আটজন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৫জন নির্বাচনে জয়লাভ করেছেন।
এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুইজন সদস্য মনোনীত হয়েছেন। এই ২৫ জন পরিচালকের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হওয়ায় তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মাঠে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল অধিনায়কের নেতৃত্বে দেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে। তামিম ইকবালের ক্রিকেটীয় প্রজ্ঞা এবং পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় বিসিবি আরও বেশি পেশাদার ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন।
আমিনুল হকের বিশ্বাস, মাঠের ভেতরের ও বাইরের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন এই কমিটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে।
বিসিবির নতুন এই নেতৃত্ব তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ক্রিকেটের সার্বিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন। বিসিবির এই নতুন যাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।