‘দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না’

আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক ছাপিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্থায়ী সভাপতি হলেন তামিম ইকবাল। আজ রোববার (৭ জুন) বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিবির ইতিহাসে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতির দায়িত্ব পান তিনি।

এর আগে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন তামিম। সেই সময় তাকে নিয়ে সমালোচনা কম হয়নি। বিশেষত, বিসিবিকে আখ্যা দেওয়া হয়েছিল বাপের দোয়া ক্রিকেট বোর্ড হিসেবে। আজ সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়ায় ক্রিকেটকে আনতে চান তিনি।

বিসিবির নতুন সভাপতি বলেন, ‘অনেকে অনেক রকম ট্যাগ দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত মতামত। দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না।’

পরিচালক হওয়ার পর সভাপতি পদে একক প্রার্থী ছিলেন তামিম। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *