২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবে নাম লেখান সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লি। সে সময় দলটির মালিকানায় ছিলেন প্রীতি জিনতা। ২০১০ সাল পর্যন্ত পাঞ্জাবের হয়ে মাঠ মাতান এই অসি পেসার। সেসময় প্রীতি জিনতার সঙ্গে ব্রেট লির প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালপালা মেলে চারদিকে।
পাঞ্জাবের হয়ে খেলার সময় অবস্থাটা এমন ছিল যে, মাঠে কিংবা দলের বিভিন্ন অনুষ্ঠানে ব্রেট লি ও প্রীতি জিনতাকে এক সঙ্গে দেখা গেলেই শুরু হতো প্রেমের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যম সব জায়গায়ই চলতো এই গুঞ্জন।
তবে এতদিন এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মন্তব্য করেননি লি। দীর্ঘ প্রায় দুই দশক পর অবশেষে সেই প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক এই গতি তারকা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রীতির সঙ্গে তার কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্কটা ছিল শুধুই বন্ধুত্বের।
সম্প্রতি ‘বোম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে সেই নীরবতা ভেঙেছেন এই সাবেক পেসার। লি সাফ বলেছেন, ‘এবার সত্যিটা জেনে রাখুন— আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা এবং আমি আগেও ভালো বন্ধু ছিলাম, এখনো আছি। সে সময় তিনি আমাদের দলের মালিক ছিলেন। ভীষণ বুদ্ধিমতী একজন নারী তিনি, আর তাকে আমি দারুণ শ্রদ্ধা করি।’
এমন ভিত্তিহীন গুঞ্জন তাকে কখনো বিরক্ত করেছিল কি না— এমন প্রশ্নে ব্রেট লি বলেন, ‘এসব গল্প আমাকে কখনোই কোনোভাবে বিব্রত করেনি। কারণ আমি তো জানতাম সত্যটা কী। মানুষ মুখে যা ইচ্ছে তাই বলতে পারে, কিন্তু এসব ফালতু কথা আমি কখনোই আমার জীবনে পাত্তা দিইনি।’
অবশ্য ব্রেট লি এত দিন চুপ থাকলেও প্রীতি জিনতা বহু আগেই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। ২০১০ সালে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ‘প্রতিবছর ব্রেট লির সঙ্গে আমার প্রেমের খবর শুনতে শুনতে ব্যাপারটা এখন বেশ একঘেয়ে হয়ে গেছে। তাই সবাইকে পরিষ্কার করে বলছি— এখানে ভালোবাসার বা প্রেমের কোনো সম্পর্ক নেই, আমরা শুধুই ভালো বন্ধু।’
ব্যক্তিগত জীবনে ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেছিলেন ব্রেট লি। তাদের ঘরে একটি সন্তানও আসে, তবে দুই বছর না যেতেই সম্পর্কে টানাপোড়েন শুরু হলে ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন লি। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
অন্যদিকে, রূপালি পর্দায় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে ইদানীং খুব একটা নিয়মিত দেখা যায় না। তবে খুব শীঘ্রই ‘বাটওয়ারা ১৯৪৭’ নামের নতুন একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি। সানি দেওলের সঙ্গে জুটি বাঁধা এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। অভিনয়ের পাশাপাশি আইপিএলে পাঞ্জাব কিংসের মালিকানা সামলাতেও তাকে নিয়মিত মাঠে দেখা যায়।