চুয়াডাঙ্গায় মাঠে মিলল নিখোঁজ কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসেম আলী ওসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে হাসেম আলী বাড়ির পাশের মাঠে নিজের ফসলি জমিতে সার দিতে যান। রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়।

নিহতের স্ত্রী তাহমিনা বলেন, গতকাল বিকেলে মাঠে সার দিতে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সকালে মাঠে গিয়ে তার মরদেহ দেখতে পাই।

উদ্ধার করা মরদেহের পেট ও উরুতে গভীর ক্ষতচিহ্ন দেখা গেছে। নিহতের শরীরের সেই অংশগুলোর মাংস শিয়ালে খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবার ও স্থানীয়রা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি বন্য প্রাণীর হামলা- তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *