জামালপুরের মেলান্দহে নিখোঁজের তিন দিন পর শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম ওই গ্রামেরই মৃত সোলাইমান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য স্থানীয় হারুন অর রশিদ ইসলামী মাদ্রাসায় টিফিন নিয়ে যান। ছেলেকে খাবার দিয়ে টিফিন ক্যারিয়ারসহ বাড়ির উদ্দেশে রওনা হলেও তিনি আর বাড়ি ফেরেননি। তবে সে সময় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি। শুক্রবার সকালে কয়েকজন শিশু ওই ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং পরিবার চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়েছে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।