বঙ্গভবন ছেড়ে কবে কোথায় উঠছেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে গতকাল শুক্রবার পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। তবে গত সাড়ে তিন বছরে তিন সরকারে থাকা সদ্যসাবেক এ বিতর্কিত রাষ্ট্রপতি কবে বঙ্গভবন ছেড়ে কোথায় উঠছেন তা নিয়ে সবার মাঝে জল্পনা-কল্পনা রয়েছে।

সাবেক এ রাষ্ট্রপতির অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী সূত্র জানায়, গত বুধবার থেকে রাষ্ট্রপতির ব্যক্তিগত জিনিসপত্র রাজধানীর গুলশানে তার নিজ ফ্ল্যাটে নেওয়া হচ্ছে। আগামীকাল তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন।

এ বিষয়ে সাহাবুদ্দিনের ব্যক্তিগত সহকারী সাগর হোসেন বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। তিনি আগামীকাল রোববার দুপুর নাগাদ বঙ্গভবন ছেড়ে যাবেন। তিনি গুলশানে নিজের ব্যক্তিগত বাসায় উঠবেন। এজন্য তার ব্যক্তিগত মালামাল সেখানে নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। ওই বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি। তিনি পেশায় একজন আইনজীবী ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

বুধবার থেকেই চলছিল প্রস্তুতি

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে গত বুধবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওইদিন সন্ধ্যায় বৈঠক করেন প্রধান বিচাপতি জোবায়ের রহমান চৌধুরী। এরপর সাহাবুদ্দিনের পদত্যাগের জন্য বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও ক্ষমতাসীন দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চলছিল। তবে সরকার বা বিএনপি প্রকাশ্যে কখনও তাকে পদত্যাগ করতে বলেনি।

বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মো. সাহাবুদ্দিন। নিজের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদেরও চলতি মাসের মধ্যে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিতে বলেন তিনি। রাষ্ট্রপতি মনোনীত কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন।

পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *