বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে শিলা ইসলাম (৩৫) নামের এক ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৈলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী ছিলেন দুই কন্যা সন্তানের জননী শিলা ইসলাম।
শিলা ইসলামের বাবা আব্দুস সালাম হাওলাদারের অভিযোগ, পারিবারিক কারণে প্রায়ই শিলাকে মারধর করতেন তার স্বামী মারুফ। শুক্রবার বিকেলে সেরাল গ্রামের ভাড়া বাসায় শিলাকে আবারো অমানুষিক নির্যাতন করা হয়। নির্যাতন সইতে না পেরে নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি।
পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।