রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুজনের মৃত্যু হয়েছে। ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
গতকাল শুক্রবার (২৬ জুন) দিনগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।