কুমিল্লায় কাভার্ডভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পণ্যবাহী যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তিনটি গাড়ির চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গতকাল শুক্রবার (২৬ জুন) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার বাতিসা নতুন রাস্তা এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, একটি কাভার্ডভ্যান মহাসড়কে চলন্ত অবস্থায় কোনো ধরনের সংকেত ব্যবহার না করে রাস্তার বাম পাশে থামার চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ এবং কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এর কিছুক্ষণ পর একই দিকে আসা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সংঘর্ষে আহত তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ট্রাকের হেলপার সিয়ামকে (২৫) মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রুহুল আমিন বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও দুটি কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *